২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে দুই ‘প্রতারক’ আটক

চাঁপাইনবাবগঞ্জ সদরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 02:55 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে শহরের নিমতলা ও মিস্ত্রী পাড়া এলাকায় অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের মিস্ত্রী পাড়ার ইশতিয়াক আহমেদ (২৩) ও নিমতলা মহল্লার রাসেল জাহান (২৯)।

মেজর পাভেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার মহারাজপুর গ্রামের ঘোড়াস্ট্যান্ড এলাকায় এসে ইশতিয়াক নিজেকে এনএসআই সদস্য এবং রাসেল মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে ওই এলাকার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে।

ঘটনা টের পেয়ে সাদা পোশাকে দায়িত্বরত র‌্যাব সদস্যরা এগিয়ে এলে তারা মোটর সাইকেলে করে পালিয়ে যায়।

“পরে তাদের নাম ঠিকানা সংগ্রহ করে অভিযান চালিয়ে নিজেদের বাড়ি থেকে তাদের আটক করা হয়।”

বুধবার দুপুরের দিকে আটক যুবকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান।