চট্টগ্রামের ২ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম শহরে এক ব্যবসায়ীকে ছিনতাইয়ের পর তাকে মাদক বিক্রেতা বলে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন- বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার জামাল উদ্দিন ওরফে কাউয়া জামাল (২৮) এবং একই থানার ডেপুটি রোড এলাকার কামাল উদ্দিন (২৭)।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ৮টার দিকে বাকলিয়া থানার ডেপুটি রোড এলাকায় রিকশায় করে আসার সময় ছিনতাইয়ের শিকার হন বহদ্দারহাট এলাকার হক মার্কেটের কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৫)।
তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার পর স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে ব্যবসায়ীকে মাদকবিক্রেতা বলে মারধর করে পুলিশে তুলে দেওয়ার চেষ্টা করে তিন ছিনতাইকারী। এসময় স্থানীয় টহল পুলিশ দুই ছিনতাইকারী ও ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে দুজন ছিনতাইয় করার কথা স্বীকার করে বলে জানান ওসি মহসিন।
তিনি বলেন, দুই ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং ছিনিয়ে নেওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারী জুবায়েরকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এই ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
