২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সরকারি ওষুধ উদ্ধার, আটক ৪

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ চুরি ও বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে রোববার চার জনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 04:32 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

পাশাপাশি ওষুধ কেনার সঙ্গে জড়িত একটি ক্লিনিক ও একটি ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়।  

কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, রাতে শহরের হাসপাতাল এলাকা এবং উপশহর এলাকার ‘আল আমিন ক্লিনিক’ ও ‘মা ফার্মেসিতে’ অভিযান চালানো হয়।

আটকরা হলেন-সবুজ (১৮), শিবলু হোসেন (১৮), বেলাল (২৭) ও সোহেল রানা (২১)।

“আটককৃতরা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে হাসপাতালের ওয়ার্ড ও কেবিন কর্মচারীদের সহায়তায় ওষুধ চুরি করে শহরের বিভিন্ন ক্লিনিক ও ওষুধের দোকানে বিক্রি করে আসছিল,” বলেন ওসি আলতাফ। 

পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে পুলিশের সহায়তায় হাসপাতালের কয়েকজন স্টাফ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ওষুধের দোকানের সামনে থেকে সরকারি বেশকিছু দামি ওষুধসহ হাতেনাতে সবুজ ও শিবলুকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের ‘আল আমিন ক্লিনিক’ ও ‘মা ফার্মেসিতে’ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। প্রতিষ্ঠান দুটি থেকে আটক করা হয় অপর দুজনকে।

জব্দ করা ওষুধগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় রাতেই হাসপাতালের ওয়ার্ড মাস্টার সুমন কুমার কুন্ডু বাদী কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।