‘উত্ত্যক্তের পর’ পোশাককর্মীর আত্মহত্যা
বখাটেদের উত্ত্যক্তের যন্ত্রণার অবসান ঘটাতে রাজধানীর দক্ষিণ খান এলাকায় এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আফসানা আক্তার লাভলী (১৭) নামে ওই পোশাককর্মীর মৃত্যুর পর তার পরিবার স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
ফয়সাল, সোহেল ও সজল নামে ওই তিন যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে বলে জানিয়েছেন দক্ষিণ খান থানার এসআই মো. শাহজাহান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে দক্ষিণ খান সর্দারপাড়ায় নিজেদের বাড়ি থেকে লাভলীর লাশ উদ্ধার করা হয়।
লাভলীর বাবা তোফাজ্জল হোসেনের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শাহজাহান বলেন, শনিবার রাতে বাসায় ফেরার পথে লাভলীকে উত্ত্যক্ত করে স্থানীয় তিন যুবক ফয়সাল, সোহেল ও সজল।
বাসায় এসে ভাত খেয়ে লাভলী ঘুমিয়ে পড়লেও গভীর রাতে সে অসুস্থবোধ করে। পরে স্থানীয় হাসপাতালে নিলে মারা যান লাভলী।
পরিবারের দাবি, লাভলী ভাত খাওয়ার পর সবার অগোচরে কীটনাশক খেয়েছিল।
এসআই শাহজাহান বলেন, লাভলীর মা নুরজাহান বেগম বাদী হয়ে ফয়সাল, সোহেল ও সজলের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
“তিন বখাটেকে ধরতেপুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে,” বলেন তিনি।
