ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বিআরটিসির বাস
আগামী বছরের শুরুতে ঢাকা থেকে ভারতের শিলং-গুয়াহাটির পথে বিআরটিসির নতুন বাস সার্ভিস চালু করা হবে।
রোববার বিআরটিসি ভবনে ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বর্তমানে ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলা বাস চলাচল করছে। আগামী বছরের শুরুতে ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বাস সার্ভিস চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
নতুন বছরের শুরুতে বিআরটিসির জন্য আরও ৫০টি আর্টিকুলেটেড বাসসহ অন্তত আড়াইশ বাস কেনার আলোচনা চলছে বলেও জানান তিনি।
এদিন সকালে রাজধানীর রাজউক এভিনিউর বিআরটিসি ভবনে পরিদর্শনে যান মন্ত্রী। ওই ভবনের ২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
“বিআরটিসির সদর দপ্তরের মোট কর্মকর্তা-কর্মচারী ২৩৯ জন। সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত ২৮ জন অনুপস্থিত ছিলেন। তাদেরকে কারণ-দর্শানোর নোটিস দিতে বলেছি,” সাংবাদিকদের বলেন মন্ত্রী।
এছাড়া বিআরটিসির নতুন নিয়োগে নারী চালকদের অগ্রাধিকার দেওয়া এবং ১৬ ডিসেম্বর রাজধানীতে আরও পাঁচটি বাসে ওয়াইফাই চালু করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
চলতি বছরের মাঝামাঝিতে বিআরটিসির ২০টি বাসে ওয়াইফাই সেবা উদ্বোধন করেছিলেন সড়ক মন্ত্রী।
দিনের কর্মব্যস্ততার সময়ে রাজধানীর ফার্মগেইট এলাকায় গাড়ির অপেক্ষায় থাকা অসংখ্য মানুষের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
“এধরনের ভোগান্তি লাঘবে বিআরটিসির ৮/১০টি বাস প্রস্তুত রাখা হবে। ভিড় দেখা দিলেই এসব বাস ফার্মগেইট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছাড়া হবে।”
দীর্ঘ সময় লোকসানে থাকা সরকারি প্রতিষ্ঠান বিআরটিসি বর্তমান সরকারের সময় লাভজনক হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ১৯৯৮ থেকে ২০০৭ সালের মধ্যে বিআরটিসি দেশীয় গাড়ি প্রস্তুত কোম্পানি প্রগতির কাছে ১৫৬ কোটি টাকা ঋণগ্রস্ত হয়।
“ইতোমধ্যেই ৬৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এখনো বিআরটিসির কাছে ৮৮ কোটি ৩২ লাখ টাকা পাওনা আছে প্রগতি, সুদসহ যার ঋণের ঘানি এখনো টানতে হচ্ছে,” বলেন তিনি।
