চট্টগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল
যুদ্ধাপরাধের দায়ে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর চট্টগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে নগর ছাত্রলীগ।
রোববার রায় ঘোষণার পর দারুল ফজল মার্কেটে ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদীঘি হয়ে শহীদ মিনারে শেষ হয় মিছিল।
শহীদ মিনারে সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে ডালিম হোটেলের নির্যাতনের কথা মনে পড়লে এখনও লোকজন শিউরে ওঠে। দরিদ্র বাবার সন্তান হয়েও মীর কাসেম ’৭১ সালে সাধারণ মানুষের সম্পদ লুট করে ‘ধনকুবেরে’ পরিণত হয়েছিল।
আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু ও তা বাস্তবায়ন করে অন্যায়ের কাছে আদর্শের রাজনীতি যে মাথানত করে না, তা প্রমাণ করেছে বলেও দাবি করা হয় সমাবেশে।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহামেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক নুরুল আজিম রনির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল খালেক, রাহুল বড়ুয়া, একরামুল হক রাসেল, আবু আরিফ, শাহীন মোল্লা প্রমুখ।
