২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইটিইউ সেল’ খুলবে বাংলাদেশ

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থায় (আইটিইউ) আরো বেশি ভূমিকা রাখতে আইটিইউ সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

আইটিইউ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিল সদস্য পদ পাওয়া উপলক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইটিইউ’র বিভিন্ন শাখা নিয়ে তারা কাজ করতে চান। এ বিষয়গুলোকে সরকার গুরুত্ব দিচ্ছে।

“আগামী বছর আইটিইউ’র দেড়শ বছর পূর্ণ হচ্ছে। আইটিইউ’র ভিশন হলো ‘কানেক্ট ২০২০’, আর আমাদের ‘ভিশন ২০২১’। এ অবস্থায় দ্বিতীয়বার কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও গৌরবের।”

আইটিইউ নির্বাচনে এই বিজয় দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে তথ্য-প্রযুক্তির দেশ হিসেবে গড়ে তুলতে পারব।”

কাউন্সিল সদস্য হিসাবে প্রথম চার বছরের কার্যক্রম সম্পর্কে জানতে  চাইলে প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কি করেছি তা বিবেচনায় নিয়েই সদস্য দেশগুলো আমাদের ভোট দিয়েছে। আমরা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ লাখ থেকে চার কোটিতে উন্নীত করেছি।”

“ব্রডব্যান্ড ইন্টারনেট জেলা থেকে ১৯০ উপজেলায় পৌঁছে দিয়েছি। দ্বিতীয়বার নির্বাচিত হওয়া আমাদের সাফল্যেরই স্বীকৃতি।”

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের অগ্রগতি জানতে চাইলে পলক বলেন, অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, দরপত্রও আহ্বান করা হবে।

“দরপত্র পাওয়ার পর বুঝতে পারব কারা এ বিষয়ে আগ্রহী। এরপরই আমরা সিদ্ধান্ত নেব। আইটিইউ স্লট দেবে। এক্ষেত্রে আবারও কাউন্সিল মেম্বার হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, আমরা তা পেয়েছি।”

আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও সফল প্রচারের কারণে আইটিইউ নির্বাচনে বিজয় সম্ভব হয়েছে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

“নির্বাচনে সব মিলিয়ে ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ হয়েছে। উন্নত বিশ্বের দেশগুলো যেভাবে দামি উপহার ও অর্থ খরচ করেছে আমরা তা করতে পারিনি।”

“নির্বাচনে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা হয়েছে, সদস্যদেশগুলোর প্রতিনিধিদের ফেইসবুক, টুইটারে সময়-সময় ভোট চেয়ে কমেন্ট করা হয়েছে।”

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, আইটিইউ নিয়ে সরকার একটি সেল করবে। এ বিভাগ থেকে আইটিইউ’র বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ ও ‘ফলোআপ’ করা হবে।

“সাত-আটজন কর্মকর্তা নিয়ে এ সেল হবে। এজন্য আমরা প্রযুক্তিতে দক্ষ কর্মকর্তা খুঁজছি। আশা করি তিন-চার মাসের মধ্যে এটি করতে পারব।”

অতিরিক্ত সচিব জানান, এখন যে কর্মকর্তারা আইটিইউ নিয়ে কাজ করেন, তারা অন্যান্য দায়িত্বও পালন করেন। সেজন্য তাদের পক্ষে পুরোপুরি মনোযোগ দেওয়া সম্ভব হয় না।

সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খানসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে আইটিইউ’র বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে ১৬৭ ভোটের মধ্যে ১১৫ ভোট পায় বাংলাদেশ।

এ অঞ্চল থেকে চার বছরের জন্য নির্বাচিত ১৩ কাউন্সিল সদস্যের মধ্যে ভোটের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম।

পুরনো খবর:

আইটিইউ’তে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন পলক
আইটিইউর কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ