২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইটিইউর কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) নির্বাচনে বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 11:10 AM

Updated : 22 Aug 2022, 08:39 PM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানিয়ে বলেন, “আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আইটিইউর কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছি।”

সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে আইটিইউ এর বার্ষিক সম্মেলনে এই ভোটাভুটি হয়। নির্বাচনে ১৬৭ ভোটের মধ্যে বাংলাদেশ পায় ১১৫ ভোট।

এ অঞ্চল থেকে চার বছরের জন্য নির্বাচিত ১৩ কাউন্সিল সদস্যের মধ্যে ভোটের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।

সম্মেলন উপলক্ষে বুসানে অবস্থানরত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে শুভযাত্রা আমরা শুরু করেছিলাম, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে সাফল্য তারই চূড়ান্ত স্বীকৃতি আজকের এই নির্বাচন।

“এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে, অরবিট স্লট পাওয়ার ক্ষেত্রে এবং দেশের টেলিকম সেক্টরে আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে  বাংলাদেশ এখন গুরত্বপূর্ণ প্রভাব ফেলার সুযোগ পেল।”

বিজয়ের ‘গৌরবের’ সঙ্গে দায়িত্বের বিষয়টিও স্মরণ করেছেন বাংলাদেশ সরকারের সবচেয়ে কম বয়সী এই প্রতিমন্ত্রী।  

তিনি বলেন, “আমাদের ভোট দিয়ে একটি নবতর অধ্যায়ে প্রবেশের সুযোগ করে দেওয়ায় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে ‘আইটিইউ’ এর  সকল সদস্য রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ”

কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ায় এ অঞ্চলে আইটিইউর নীতিনির্ধারণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও উল্লেখ করেন পলক।

এর আগে গত ২৩ অক্টোবর আইটিইউ এর সভায় বাংলাদেশের পক্ষে ভোট চেয়ে পলক বলেন, “টেলিকম  ও প্রযুক্তি খাতের অভিজ্ঞতা ও অর্জন সমূহ আমরা বিশ্বব্যাপী ভাগাভাগি করার মাধ্যমে একটি প্রযুক্তিময় বিশ্ব গড়তে চাই।”

বাংলাদেশের ভবিষ্যত কর্মপন্থা হিসেবে ২০১৮ সালের মধ্যে দেশের ৩৫ শতাংশ জনগণকে ব্রডব্যান্ড ও ৭০ শতাংশ জনগণকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথাও সভায় তুলে ধরেন তিনি। 

তিনি জানান, বর্তমানে বাংলাদেশের ৯৮ শতাংশ ভূখণ্ড ও ৯৯ শতাংশ জনগণ টেলিকম নেটওয়ার্কের আওতাভুক্ত। এ দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১.৬ কোটি; ইন্টারনেট ব্যবহার করেন চার কোটি মানুষ।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই চেষ্টার স্বীকৃতি হিসাবে আইটিইউ  থেকে উইসিস (ডব্লিউএসআইএস) অ্যাওয়ার্ড এবং উইটসা (ডব্লিউআইটিএসএ) অ্যাওয়ার্ড পাওয়ার কথাও তিনি সভায় তুলে ধরেন।

এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথমবারের মতো আইটিইউর কাউন্সিল সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। তারও আগে ১৯৭৩ সালে পায় সাধারণ সদস্যপদ।

</div>  </p>

পুরনো খবর:

আইটিইউ’তে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন পলক