২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণজাগরণের মিছিলে হাতবোমা, আহত ২

যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির রায়ের পর চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের শহীদ মিনারমুখী মিছিলের সামনে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে, যাতে আহত হয়েছেন দুইজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 03:58 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, রোববার বেলা পৌনে ১টার দিকে নগরীর সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।

এই চট্টগ্রামেই একাত্তরে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ ঘটান ওই সময়ের আলবদর কমান্ডার মীর কাসেম, যিনি পরে জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও প্রধান অর্থ যোগানদাতায় পরিণত হন।

বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী সুমন বাবু জানান, স্থানীয় দৈনিক আজাদীর আলোকচিত্রী আমিনুল ইসলাম মুন্নাকে সঙ্গে নিয়ে মিছিলের ছবি তোলার জন্য তারা একই মোটর সাইকেলে যাচ্ছিলেন।

হাতবোমাটি বিস্ফোরিত হলে মুন্না এবং এক রিকশা চালক আহত হন।

ওসি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি হাতবোমা বিস্ফোরণের পর রিকশা চালক মো. রফিক (৪৫) কোমরে আঘাত পেয়েছেন। তাকে চট্টগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

আর আলোকচিত্রী মুন্না বিস্ফোরিত হাতবোমার ছিটকে আসা অংশের আঘাতে সামান্য আহত হন বলে সুমন বাবু জানান।

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় ঘোষণার পর মিছিল নিয়ে আমরা প্রথমে মহামায়া ভবনে (ডালিম হোটেল) যাই। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলাম। মিছিলটি যখন কে সি দে সড়কে পৌঁছায় তখনই সিনেমা প্যালেস মোড়ে ইসলামিয়া মার্কেটের সামনে হাতবোমাটি বিস্ফোরিত হয়।”

যারা যুদ্ধাপরাধের বিচারকাজ ও বিচারের রায় ‘বানচাল করতে চায়’, তারাই এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন চৌহান।

আহত রফিক হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন যাত্রী নামিয়ে সিনেমা প্যালেস মোড় থেকে আরেকজন যাত্রীকে নিয়ে মাত্র রিকশা টান দিছি। এই সময় হঠাৎ বোমা ফুটল।”

পরে গণজাগরণ মঞ্চের মিছিলটি ওই এলাকা পার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়।

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায়ের পর ছাত্রলীগও একটি মিছিল বের করে। গণজাগরণের মিছিলটি সিনেমা প্যালেস মোড়ে পৌঁছানোর আগেই ছাত্রলীগের মিছিলটি ওই এলাকা অতিক্রম করে শহীদ মিনারের দিকে যায়। ওই সময় শহীদ মিনারে রায় ঘোষণা নিয়ে শ্রমিক লীগের সমাবেশ চলছিল।

বোমাবাজির ঘটনায় জড়িতদের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি।