২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় রাসায়নিকের গুদামে আগুন

পুরান ঢাকায় রাসায়নিকের একটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপক বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 10:23 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

শনিবার রাত ৯টার দিকে নবাবপুর রোডের ৫৪ নম্বর বাড়ির ছয়তলা ভবনের পঞ্চম তলার গুদামে আগুনের সূত্রপাত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় হয়।

এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি বলে ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন নেভাতে বাহিনীর ২০টি ইউনিট কাজ করে।

ওই এলাকার বাসিন্দা আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়। এরপর এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দেয়।

ছয়তলা ভবনটির দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা বিভিন্ন দ্রব্যের গুদাম হিসেবে ব্যবহার হত। এক তলায় রয়েছে একটি হার্ডওয়ারের দোকান। ভবনটির চারপাশে বিভিন্ন মার্কেট। পেছনে আবাসিক এলাকা।

জালাল বলেন, অগ্নিকাণ্ডের সময় গুদামে লোকজন ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিনির্বাপক বাহিনীর সদর দপ্তরের উপপরিচালক জহুরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও হতাহতের খবর মেলেনি।

কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তারা।