২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে সক্রিয় থাকবে পুলিশ

চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে নামার পর এবার নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2014, 06:32 PM

Updated : 22 Aug 2022, 07:25 PM

মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার নির্মাণে সিডিএ’র সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

জলিল মণ্ডল বলেন, “সেবার ঝুড়ি নিয়ে আমি চট্টগ্রাম এসেছি। আমরা দুটি ক্যাম্পেইন পরিচালনা করছি। দখলমুক্ত ফুটপাত-যানজট মুক্ত সড়ক এবং পরিচ্ছন্ন নগরী।

“নগরীতে শুধু উন্নয়ন করলে হবে না, পরিচ্ছন্ন রাখতে হবে। সিটি করপোরেশন কখন গাড়ি পাঠিয়ে পরিষ্কার করবে, তার অপেক্ষা না করে নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখুন।”

২৪ অক্টোবর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ এলাকায় ঝাড়ু-বেলচা হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামেন সিএমপি কমিশনার জলিল মণ্ডল।

গত মাসে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর সড়কের ওপর থাকা সব ধরনের অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালায় পুলিশ।

জলিল মণ্ডল বলেন, “প্রথমদিন নগরবাসীর সহযোগিতা চেয়েছি। সাড়া না পেলে বাসায় বাসায় গিয়ে পুলিশ সদস্যরা দরজায় টোকা দিয়ে বলবে- আপনার বাসার সামনে ময়লা কেন? পরিষ্কার করুন। তখন লজ্জা পাবেন না?”

“আমি এবং আমার লোকজন আপনাদের আশেপাশেই আছি। আপনারা ডাকলেই আমরা সেবা নিয়ে হাজির হব। আমাদের সেবার ঝুড়ি উন্মুক্ত ‍থাকবে,” বলেন তিনি।

অবৈধ গাড়ি পার্কিং এর বিষয়ে শিগগির কঠোর পদক্ষেপ নেয়া হবে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, সড়কের নির্ধারিত স্থানে যানবাহন এবং ফুটপাতে মানুষ চলাচল করবে।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে চট্টগ্রামের সুনাম বৃদ্ধিতে সব সরকারি সংস্থার পাশাপাশি নগরবাসীকেও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান সিএমপি কমিশনার।