পাবনায় আ. লীগ নেতা খুন
পাবনা সদরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যার পর দুবলিয়া বাজারে এ হামলায় নিহত ইকবাল হোসেন সদর উপজেলার ভাড়ারা ইউনিযনের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোলাদী গ্রামের মোসলেম উদ্দিন শেখের ছেলে।
আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইকবাল হোসেন সন্ধ্যার সময় দুবলিয়া বাজারের অগ্রণী ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।
এ সময় মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায়ে মাটিতে পরে গেলে সন্ত্রাসীরা চলে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।
তবে কী কারণে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
