চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতরা হলেন- সকিনা খাতুন (৬০) ও রূপন বড়–য়া (৪০)। তাদের মধ্যে সকিনা খাতুনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দোঁয়াজী পাড়া এবং রূপনের বাড়ি মিরসরাইয়ের দমদমা ইউনিয়নে।
সীতাকুণ্ড থানার এসআই রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় সকিনা খাতুন বাসের ধাক্কায় নিহত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, চট্টগ্রাম থেকে নোয়াখালী অভিমুখী বাঁধন পরিবহনের বাসটি সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস এলাকায় পথচারী সকিনাকে বাঁচাতে গিয়েই রাস্তার পাশে উল্টে পড়ে।
তবে ওল্টানোর সময় সকিনাকে ধাক্কায় দেয় বাসটি। এতে সকিনা ছাড়াও কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
হাটহাজারী উপজেলার ভাঙ্গা পুল এলাকায় মোটর সাইকেল ও সিএনজি অটো রিকশার সংঘর্ষে নিহত হন মোটর সাইকেল আরোহী রূপন বড়–য়া।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহতাবস্থায় বেলা সোয়া ২টার দিকে রূপনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
