শরীয়তপুরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিভোক্ষ মিছিল ও সমাবেশ করেছে দুই পক্ষ। এ সময় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী জানান, সোমবার সকালে জেলা বিএনপির সভাপতি শফিকুল রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার একে এম নাছির উদ্দিন কালুর গ্রুপের একটি মিছিল রাজগঞ্জ এলাকায় এলে অপর পক্ষের লোকজন তাতে হামলা করে।
এতে নুরুল ইসলাম চৌকিদার, ফাহিম মিয়া, মিজানুর রহমান বেপারী, মেম্বার শহিদুল ইসলাম, কাউসার মিয়া, এনামুল হকসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।
তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান নজরুল ইসলাম লিটন।
এ সময় জেলা যুবদলের সভাপতি ইজাজুল ইসলাম মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাছির উদ্দিন কালু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহম্মদ আব্দুস সালাম, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, আরিফুজ্জামান মোল্লা, আলি মোল্লা, মাহবুব আলম খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপির অপর গ্রুপ শরীয়তপুর পৌর কাউন্সিলর দুলাল খানের বাসায় এক আলোচনা সভা করে।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হেসেন আলালসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি চৌরঙ্গী মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বিএনপির সহ সভাপতি আলতাফ হোসেন শিকদার, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা দুলাল খান, যুবদল নেতা মহিউদ্দিন বাদল প্রমুখ।
