সিরাজগঞ্জে ব্যাংকে আগুন, নৈশ প্রহরী দগ্ধ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি বেসরকারি ব্যাংকে আগুন লাগার পর তা নেভাতে গিয়ে এক নৈশ প্রহরী দগ্ধ হয়েছেন।
ব্যাংকের অ্যাকাউন্ট অফিসার আসিফ ইমরান জানান, দগ্ধ সিরাজুল ইসলামকে (৪০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আইনুল হক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বৈদ্যুতিক গোলযোগ থেকে ভোরের দিকে অফিসে আগুন লাগে। এ সময় নৈশ প্রহরী সিরাজুল আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন।
আগুনে ব্যাংকের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে জরুরি কাগজপত্রসহ অন্যান্য মালামালের তেমন কোনো ক্ষতি হয়নি আসিফ ইমরান জানান।
