ফেনীতে ১৭২ জনের বিরুদ্ধে মামলা
মিছিল থেকে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় ফেনী জেলা যুবদল সভাপতি গাজি হাবিব উল্লাহ মানিকসহ ১৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এসআই নজরুল জানান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটকের প্রতিবাদে শনিবার বিকালে বের করা জেলা যুবদলের মিছিল থেকে পুলিশের উপর কয়েকটি হাতবোমা ছোড়া হয়।
“বোমা বিস্ফোরণে মোহাম্মদ উল্লাহ নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।”
এ ঘটনায় জেলা যুবদল সভাপতি গাজি হাবিব উল্লাহ মানিককে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান এসআই নজরুল।
মামলার নিন্দা জানিয়ে যুবদল সভাপতি গাজী হাবিব বলেন, “যুবদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে আট নেতাকর্মী আহত হয়েছেন। আবার তারাই যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে পুলিশ যুবদল নেতাকর্মীদের হয়রানি করছে।”
