২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ সদর ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার দুপুরে সদরের গজারিয়ায় ট্রাকচাপায় এক শিশু ও সলঙ্গার কুতুবেরচরে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সলঙ্গা থানার সাতটিকরী গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন লিটন (৪০) এবং সদরের রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের সাজু মিয়ার মেয়ে সাদিয়া।

সলঙ্গা থানার ওসি রেজাউল হক জানান, বেলা ২টার দিকে কুতুবেরচর এলাকায় রামারচর-সলঙ্গা আঞ্চলিক সড়কের বিপরীতমুখী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই মারা যান চালক শাহাদত হোসেন লিটন।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান,  বেলা ১২টার দিকে গজারিয়া এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে পথচারী সাদিয়াকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।