গাজীপুরের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বেড়াবাড়ী গ্রামের মোকসেদ আলীর ছেলে শুক্কুর আলী (৩০) এবং কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া (২৭)।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, কাপাসিয়া থেকে বালু ভর্তি ট্রাকটি রাজেন্দ্রপুর যাচ্ছিল। রাজাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা শুক্কুর আলী ও উজ্জ্বল মিয়া মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক চালক জালাল উদ্দিন ও তার সহকারী পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
