ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকির দোয়া চান
মুখে ক্যান্সার নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক হোসাইন জাকির, যিনি চারবার সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোটার্স ইউনিটির এবং একবার ইউনেস্কো পুরস্কার জিতেছেন।
হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানান, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত জাকির বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
চিকিৎসকের পরামর্শে বায়োপসি রিপোর্ট করানো হলে মুখে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। গত বুধবার তাকে রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।
ফরিদা বলেন, “খুব বেশি পান খেতেন। একসময় এর প্রভাবে মুখে দাঁতের মাড়ির একপাশে ক্ষত সৃষ্টি হয়। তাতেই ক্যান্সার ছড়িয়েছে।”
এই সাংবাদিকের চিকিৎসা সম্পর্কে তার স্ত্রী বলেন, “ক্যান্সার নির্ণয়ের শুরু থেকেই ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে জাকির চিকিৎসক এম এস সারওয়ার আলম অধীনে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে অধ্যাপক আবুল হাসনাত জোয়ার্দারের অধীনে চিকিৎসাধীন।”
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ব্লক সি’র সপ্তম তলার বেড নম্বর ৭-এ রয়েছেন জাকির। তাকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে ছুটে গেছেন অসংখ্য শুভানুধ্যায়ী।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত সাংবাদিক জাকিরের খোঁজ নিয়েছেন।
সমবেদনা ও সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হোসাইন জাকির বলেন, “এ পৃথিবীতে ভালোবাসা অমূল্য। মানুষের এত ভালোবাসা কখনো ভুলবার নয়। আমাকে সবাই এত ভালবাসে তা বুঝতে পেরেছি এ ক’দিনে। আমার জন্য সবাই দোয়া করবেন।”
সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত জাকিরের চিকিৎসার স্বার্থে সবার সহযোগিতার বিষয়ে সহকর্মীদের সম্মতি দিয়েছেন তার স্ত্রী ও পরিবার সদস্যরা।
স্ত্রী এবং কন্যা নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড়বছরের শিশুপুত্র স্বপ্নকে নিয়ে পশ্চিম মনিপুরের একটি ভাড়া বাসায় থাকেন জাকির।
পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য দ্রুত জাকিরকে বিদেশে নিতে হতে পারে।
চিকিৎসকদের ধারণা, দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার মধ্য দিয়ে গেলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় হতে পারে।
জাকিরের সুচিকিৎসার জন্য যদি কেউ এগিয়ে আসতে চান তাহলে নিন্মোক্ত ঠিকানায় সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
হোসাইন জাকির, ০১৮১৯-৫৪৪৪৫৪
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:
ফরিদা ইয়াসমিন--সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫৪০১০২৯৩১৭৮৮০০১; ব্র্যাক ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
