২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি রুদ্রের জন্মদিন পালিত

নানা আয়োজনে বাগেরহাটে কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 06:47 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

বৃহস্পতিবার মংলা উপজেলার মিঠাখালী গ্রামে অকাল প্রয়াত কবির বাড়িতে এ আয়োজন করে রুদ্র স্মৃতি সংসদ।

১৯৫৬ সালের এই দিনে (১৬ অক্টোবর) তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ১৯৯১ সালে।

স্থানীয়রা জানান, রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সকালে সংসদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা স্থানীয় মিঠাখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্র শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

কর্মসূচির মধ্যে সন্ধ্যায় ছিল স্মরণসভা।

রুদ্র সমৃতি সংসদের উপদেষ্টা আফজাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সম্পাদক আসাদুজ্জামান টিটো।

পরে রুদ্রের লেখা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও’র এবং স্থানীয় শিল্পীরা।

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর রচনার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯), ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১), ‘মানুষের মানচিত্র’(১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৭),  ‘গল্প’ (১৯৮৭) ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮) এবং ‘মৌলিক মুখোশ’(১৯৯০)।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিকে অবলম্বন করে তিনি ‘বিষ বিরিক্ষের বীজ’ নামে একটি কাব্যনাট্যও রচনা করেন। লিখেছেন বেশকিছু গল্পও।

তার রচিত ও সুরারোপিত  ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’গানটি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।