২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁস করে ফেঁসে গেলেন দুদক কর্মকর্তা

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সহকারী পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 06:43 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

মফিজুর রহমান নামে এই কর্মকর্তাকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব বলেন, “২০১২ সালে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে মফিজুর রহমান যুক্ত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাকে বরখাস্ত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে ২০১২ সালের ২১ অক্টোবর পুলিশের হাতে গ্রেপ্তার হন মফিজুর। পরদিন পুলিশ তার বিরুদ্ধে একটি মামলাও করে।

দুদকের এক কর্মকর্তা জানান, একই বছরের ৩০ ডিসেম্বর দুদক কর্মচারী (চাকরি) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও প্রতারণার অভিযোগে মফিজুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

ওই মামলার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২০ জানুয়ারি মফিজুর দুদকে তার লিখিত জবাব দাখিল করেন। কিন্তু তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় কমিশন নিজেই মামলাটি খতিয়ে দেখার উদ্যোগ নেয়।

কমিশনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ও কর্মকর্তা।