২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ থেকে পড়ে নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে পা পিছলে পড়ে নিখোঁজ প্রকৌশলী মো. হাফিজুর রহমানের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি উপকূলে হাফিজুরের লাশ ভেসে আসে।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গত সোমবার বেলা ১১টার দিকে বহির্নোঙ্গরে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহান ব্রাদার্সের শিক্ষানবিশ প্রকৌশলী হাফিজুর জাহাজে ওঠার সময় সিঁড়ি থেকে পা পিছলে সমুদ্রে পড়ে নিখোঁজ হন।

ওসি ইফতেখার জানান, হাফিজের বাবা, ভাই ও স্ত্রী লাশ শনাক্ত করার পর তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

হাফিজুর রহমান নগরীর হালিশহর শান্তিবাগ আবাসিক এলাকায় থাকতেন। তার বাড়ি নোয়াখালী জেলায়।

মর্গের কাছে প্রতিবন্ধী যুবকের লাশ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গ সংলগ্ন এলাকা থেকে রুবেল (২৮) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে থ্রি কোয়র্টার প্যান্ট ও সবুজ চেক শার্ট পরা রুবেলের লাশ পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে পাঁচলাইশ থানার এসআই রাকিব হাসান জানান, বাঁ পা ও হাতবিহীন রুবেল ভিক্ষা করে জীবন চালাতেন।