গোপালগঞ্জে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২৫
গোপালগঞ্জ শহরসহ কয়েকটি ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
এতে অন্তত ২৫ জন আহত হয়। এ সময় শহরের পোস্ট অফিস মোড়ে কৃষি ব্যাংক ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়।
পুলিশ জানায়, সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে।
তবে, আহতরা রাবার বুলেট নাকি অন্য কোনো আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয়েছেন তা পুলিশ বা চিকিৎসক নিশ্চিত করতে পারেনি।
আহতদের মধ্যে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ (৩০), জেলা নেতা মাসুদ রানাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বনিকে (২৯) খুলনা পাঠানো হয়েছে।
এছাড়া জেলা সাংগঠনিক সম্পাদক সামিউল হক তনু, এস এম মাহামুদুল হাসানসহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকে না জানিয়ে সংগঠনের কাশিয়ানী উপজেলা কমিটি গঠন করে জেলার একটি গ্রুপ। এ নিয়ে সংগঠনে বিরোধ শুরু হয়।
গত ২২ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলা, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ও শহর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করেন জেলা সভাপতি ও সাধারণ সস্পাদক।
এরপর উত্তেজনা আরো বাড়লে দুগ্রুপ কিছুনি ধরে শহরে মিছিল ও মহড়া দিয়ে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে একটি গ্রুপ শহরে বিক্ষেভ মিছিল বের করলে তাদের প্রতিপক্ষের গ্রুপও মিছিল বের করে।
মিছিল দুটি শহরের প্রেসক্লাবের সামনে মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়।
এ সময় লাঠিসোটা নিয়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়, ইটপাটকেল নিক্ষেপ করে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. উজ্জ্বল বলেন, একজনের শরীরে প্রাপ্ত আঘাতটি গুলির বলে ধারণা করা হচ্ছে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
