স্ত্রীর তথ্যে ঘরের মেঝে খুঁড়ে মিলল স্বামীর লাশ
নিখোঁজের ১০ দিন পর চট্টগ্রামের রাউজানে নিজের ঘরের মেঝে খুঁড়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক কলহের জেরে স্ত্রী তাকে হত্যা করে ঘরের ভেতর লাশ পুঁতে রাখে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাউজান থানার ওসি প্রদীপ দাশ বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার চিকদাইর ইউনিয়নের উত্তর সত্তা গ্রামে নিজের ঘরের মেঝে খুঁড়ে দুদু মিয়ার (৩২) লাশ উদ্ধার করা হয়। হত্যার অভিযোগে তার স্ত্রী শাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
“পারিবারিক কলহের জের ধরে কোরবানীর ঈদের রাতে দুদু মিয়া ও শাহনাজের মধ্যে ঝগড়া হয়। পরে দুদু মিয়া ঘুমিয়ে পড়লে শাহনাজ তাকে বটি দিয়ে জবাই করে ঘরের ভেতর লাশ পুঁতে রাখে।”
দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে এই দম্পতির।
ওসি প্রদীপ জানান, দুদু মিয়াকে খুঁজে না পেয়ে তার এক বোন বুধবার রাতে শাহনাজকে জিজ্ঞাসাবাদ করে। এসময় তিনি অসংলগ্ন কথা বলেন।
“ভোরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝে খুঁড়ে দুদু মিয়ার লাশ উদ্ধার করে।”
