২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিপেন্ডেন্ট টিভির ৪ জনের বিরুদ্ধে মামলা

মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে কুমিল্লায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ চার জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 08:51 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার কুমিল্লার ১ম যুগ্ম জেলা জজ মীর এমতাজুল ইসলামের আদালতে মামলাটি করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।  

মামলার অপর তিন বিবাদী হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান খালেদ মুহিউদ্দিন, স্টাফ রিপোর্টার মাহবুবুল আলম এবং কুমিল্লা জেলা প্রতিনিধি এস এম সোলায়মান।

বাদীপক্ষের আইনজীবী মাসুদ শিকদার জানান, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।

মামলার নথি থেকে জানা যায়, ২৯ সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ‘বিএনপি-জামায়াতের অপকর্মের পৃষ্ঠপোষক কয়েকজন মন্ত্রী, এমপি’ শীর্ষক খবরে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে টেন্ডারবাজিতে পৃষ্ঠপোষকতার অভিযোগ তোলা হয়।

‘মিথ্যা সংবাদ’ প্রচার করে তার মানহানি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।