চট্টগ্রাম বন্দরে ফর্ক লিফট চাপায় একজনের মৃত্যু
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় ফর্ক লিফট চাপা পড়ে এক জেটি সরকারের মৃত্যু হয়েছে।
বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম জানান, মৃত এনায়েন হোসেন (৬০) ঝালকাঠী জেলার সৈয়দকাঠি গ্রামের প্রয়াত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি সনেট ইন্টারন্যাশনাল নামের সিঅ্যান্ডএফ এজেন্টের জেটি সরকার ছিলেন।
ওসি জাহেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কন্টেইনার থেকে পণ্য খালাসের সময় ফর্ক লিফটের চাপায় ঘটনাস্থলেই এনায়েত হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ফর্ক লিফট চালক আলী আকবর পালিয়ে যান। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানান।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর বন্দরে কর্মরত সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীরা বিক্ষোভ করে ঘণ্টাখানেক কাজ বন্ধ রাখেন।
