২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের বকেয়া আদায়ে চট্টগ্রামে ৯টি মামলা

প্রায় ৩৮ লাখ টাকা বিল বকেয়া থাকায় বন্দর নগরীতে নয়টি মামলা করেছে বিদ্যুৎ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (উত্তর) জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ এই আদালত পরিচালিত হয়।

অভিযানে বকেয়া ‍বিল থাকা নয়টি সংযোগ এবং অবৈধ পাঁচটি সংযোগসহ মোট ১৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নগরীর নালাপাড়া, জামাল মাঝির গলি, পূর্ব মাদারবাড়ি, কমান্ডার গলি, মাঝিরঘাট, ডায়মন্ড হোটেল, পোড়া মসজিদ, কদমতলী, গোল্ডেন টাচ বোর্ডিং, পাঠানটুলি রোড, আবেদিয়া স্কুল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ৩ লাখ ৪৬ হাজার টাকার বিল অনাদায়ে নালাপাড়ার কাজী হেলাল হোসেন, ৩ লাখ ৪৬ হাজার ১৪ টাকা অনাদায়ে একই এলাকার গোলাম মোহাম্মদ, ২ লাখ ১১ হাজার ৫৭২ টাকা বিল অনাদায়ে পূর্ব মাদারবাড়ির মো. হারুন, ৬ লাখ ৮৯ হাজার ১৮ টাকা অনাদায়ে মাঝিরঘাট এলাকার শুক্কুর হোসেন, ৬ লাখ ৬৮ হাজার ৬৯৬ টাকা অনাদায়ে পোড়া মসজিদ এলাকার এম এ শুক্কুর, ৩ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা অনাদায়ে একই এলাকার শামীম আরা বেগম, ৬ লাখ ৮১ হাজার ২৪৮ টাকা অনাদায়ে গোল্ডেন টাচ বোর্ডিং এলাকার মো. ইকবাল, ৩ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা অনাদায়ে একই এলাকার আবেদীয়া আমীর বকস ও ৪ লাখ ৭০ হাজার ৯২৭ টাকা অনাদায়ে আবেদীয়া স্কুল সংলগ্ন এলাকার মো. আব্দুল মামুনের বিরুদ্ধে মোট ৩৭ লাখ ৬৯ হাজার ৩১৬ টাকা বিদ্যুৎ বিল অনাদায়ে মোট নয়টি মামলা করা হয়।

বকেয়া বিল থাকায় এ নয়টি সংযোগও বিচ্ছিন্ন করে পিডিবির ভ্রাম্যমাণ আদালত।