আগাম ধানের শীষে কৃষকের হাসি
স্বল্পমেয়াদী জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের ফলনে গাইবান্ধায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
আশ্বিন-কার্তিক মাসে এখানকার কৃষি শ্রমিকদের তেমন কাজ থাকে না। তাই এ সময়ে তারা স্বল্প মুল্যে আগাম শ্রম কিংবা ক্ষেতের ফসল বিক্রি করে জীবিক চালায়।
আবার অনেকে চড়া সুদে স্থানীয় দাদন ব্যবসায়ীদের থেকে ঋণও নেয়।
তাই এই স্বল্পমেয়াদী আগাম জাতের চাষে তাদের সে দুর্দশা কিছুটা হলেও ঘুচেছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্যাপুর গ্রামের কৃষক সুরেন্দ্র নাথ সরকার জানান, তিনি ১ বিঘা জমিতে ব্রি-৬২ চাষ করেছিলেন। তা থেকে ১৪ মন ধান উৎপাদন হয়েছে।
তিনি এখন এ জমিতে সরিষা চাষ করবেন। রবি শষ্যের পর একই জমিতে ইরি-বোরো ধানও লাগাবেন।
একই গ্রামের কৃষক নরেশ চন্দ্র জানান, সাধারণত প্রচলিত ধানগুলো ১৪০ দিনের আগে ফলন হয় না। কিন্তু মাত্র ১০০ দিনে এ ধানের ফলন হয়।
তিনি বলেন, আগে এ সময় তিনি কোনো কাজ করতেন না। কিন্তু অসময়ে ধান ঘরে ওঠায় তার আর্থিক কষ্ট অনেকটা কেটে গেছে।
তিনি জানান, গত ৩ জুলাই ব্রি-৬২ ধানের বীজতলা তৈরি করেন। জুলাই মাসের শেষ দিকে ২০ দিন বয়সী চারা রোপণ করেন।
স্থানীয়ভাবে এলকারয় কাজ করছে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ।
এ সংস্থার সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এ জাতের ধান উদ্ভাবন করেছে।
হারভেস্ট প্লাস বাংলাদেশ সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ জেলায় ৫১২ বিঘা জমিতে এ ধান চাষ করা হয়েছে।
