২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পৌনে ৪ লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীতে পৃথক স্থানে দুই ঘণ্টার ব্যবধানে প্রায় পৌনে চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে মজুমদারী ও দুপুরে তালতলা এলাকায় এ দুই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরমধ্যে একটি ঘটনায় ছিনতাইকারীর হামলায় একজন আহত হয়েছেন।

আহত মোহন আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার চুনাপাথর ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, দরগাহ গেইট এবি ব্যাংকের শাখা থেকে দুই লাখ টাকা তুলে একটি সিএনজি অটোরিকশায় করে কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন তিনি।

সকাল সাড়ে ১০টার দিকে মজুমদারী বিমান অফিসের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী তার সিএনজির গতিরোধ করে অস্ত্রের মুখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

বিমানবন্দর থানার ওসি শাহজামান জানান, ছিনতাইয়ের শিকার ব্যবসয়ী ঘটনাটি পুলিশকে অবহিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, দুপুর সাড়ে ১২টায় তালতলায় ছিনতাই হয় নগরীর কালিঘাটের আবদুল খালিক এন্ড সন্সের এক লাখ ৬১ হাজার ৩৮৯ টাকা।

এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন ওই প্রতিষ্ঠানের কর্মচারী মোহন আহমদ।

পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

আব্দুল খালিক অ্যান্ড সন্সের ম্যানেজার বিজয় দাস জানান, ইসলামী ব্যাংক থেকে এক লাখ ৬১ হাজার ৩৮৯ টাকা তুলে মোহন আহমদ রিকশাযোগে কালিঘাটস্থ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন।

তাতলা হোটেল গুলশানের কাছে আসার পর দুটি মোটরসাইকেলে চার জন ছিনতাইকারী গতিরোধ করে মোহনকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

মোহনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।