সীমান্তে ওপারে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ২ বাংলাদেশি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তের ওপারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বাংলাদেশি মারা গেছেন।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার গয়েশপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুজা উদ্দীন (৩৫) ও একই গ্রামের মান্নান মিয়ার ছেলে আনন্দ মিয়া (২৮)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার গভীর রাতে সুজা উদ্দীন ও আনন্দ মিয়া গয়েশপুর সীমান্তের ৬৭/২ এস পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা ভারতের একশ গজ অভ্যন্তরে গভীর নলকূপের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুজনকে এলাকার চিহ্নিত চোরাকারবারী উল্লেখ করে তিনি বলেন, খবর পেয়ে বুধবার ভোরে ঘটনাস্থল থেকে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পরে পুলিশ গিয়ে লাশ জীবননগর থানায় নিয়ে যায়।
জীবননগর থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।
