মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ
রাজধানীর মিরপুরে ফ্লাইওভারের ওপর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের একজন পথচারী বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এসময় আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি কোনো জঙ্গি সংগঠনের সদস্য বলে ধারণা পুলিশের।
গ্রেপ্তার রুবেল হোসেন ওরফে খোরশেদ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।
খোরশেদের বাঁ হাত ও বাঁ পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে টহল পুলিশ একটি অটোরিকশা থামানোর নির্দেশ দিলে গাড়ি থেকে তিন যুবক নেমে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে রুবেল আহত হন। এসময় তার কাছে দুটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
“বাকি দুই যুবক দৌঁড়ে পালিয়ে যায়। চালকও অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।”
ওসি বলেন, গোলাগুলির সময় একজন পথচারীর হাতে গুলি লাগে। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা আতিকুর বলেন, “খোরশেদ ছিনতাইকারী নয়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে সে একজন জঙ্গি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
