আশ্রয়ণ প্রকল্পের জায়গা ব্যক্তির নামে ইজারা
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের জন্য বরাদ্দ জমি ব্যক্তির নামে ইজারা দিয়েছে প্রশাসন।
চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট আশ্রয়ণ প্রকল্পের মসজিদ ও কবরস্থানের জন্য দেয়া এই ২৭ শতাংশ জায়গা তাই ব্যক্তি মালিকানায় রয়ে গেছে।
আশ্রয়ণ প্রকল্প সমিতির সভাপতি রহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালে চাঁদহাট আশ্রয়ণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ওই সময় ৩০টি পরিবারের মধ্যে এ প্রকল্পের জায়গা বরাদ্দ দেওয়া হয়।
সরকারি খরচে প্রতিটি পরিবারকে বসবাসের জন্য সোয়া ২ শতাংশ জমির উপর ঘর নির্মাণ করে দেয়া হয়।
এ সময় আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের প্রয়োজনে মসজিদ ও কবরস্থান করার জন্য প্রকল্পের সঙ্গেই ২৭ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আজও সে জায়গা বুঝে পায়নি প্রকল্পের সদস্যরা।
রহিমা বেগম জানান, ২০১২ সালে আবু মাতুব্বরের নামে আশ্রয়ণ প্রকল্পের মসজিদ ও কবরস্থানের ২৭ শতাংশ জায়গার ২০ শতাংশ এবং আওয়াল মাতুব্বরের নামে ৭ শতাংশ জমি লিজ দেয়া হয়।
আশ্রয়ণ প্রকল্প সমিতির সভাপতি রহিমা বেগম আরো বলেন, আবু মাতুব্বরের বাড়ি প্রকল্পের স্থান থেকে চারটি গ্রাম পার হয়ে গারুয়ারপাড় গ্রামে, সে ব্যক্তি কীভাবে প্রকল্পের জায়গায় ইজারা পায়?
জায়গার দখলে থাকা আওয়াল মাতুব্বরের বড় ছেলে রবিউল মাতুব্বর বলেন, “আশ্রয়ণ প্রকল্প হওয়ার অনেক আগে থেকেই আমরা সেখানে বাড়ি করেছি। তবে আমার বাবা কোনো কাগজপত্র করেননি।
“আমাদের প্রতিবেশী সরকারি কর্মকর্তা সাহানা কাকলীর সহযোগিতায় তার আত্মীয় আবু মাতুব্বরের নামে ২০ শতাংশ জায়গার লিজ করিয়ে নিয়েছেন। পরে আমাদের দখলে থাকা ওই জমির ৭ শতাংশ লিজ করিয়ে নেই আমরাও।”
এ ব্যাপারে আবু মাতুব্বর বলেন, “ওই জায়গার পিছনে আমার বাড়ি। মূল রাস্তার সাথে আমার বাড়ি যাওয়ার রাস্তা করার জন্য সরকারের কাছ থেকে ২০ শতাংশ জায়গা লিজ নিয়েছি।”
এ ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানা কাকলী জানান, সরকারি নিয়ম মেনেই আবু মাতুব্বর ও আওয়াল মাতুব্বর ওই জায়গা লিজ নিয়েছেন।
“লিজ প্রাপ্ত দুজনই দরিদ্র হওয়ায় তাদের লিজ হয়তো দেওয়া হয়েছে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই,” বলেন তিনি।
নগরকান্দা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো ও সার্ভেয়ার গোলাম মোর্শেদ খান জানান, আবু মাতুব্বর ভুমিহীন হিসেবে আবেদন করলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর যাচাই বাছাই করেই তাকে উক্ত ২০ শতাংশ জমি বন্দবোস্ত প্রদান করেছে।
ওই জমি বন্দবোস্তের সময়ে তিনি নগরকান্দায় ছিলেন না বলে দাবি করেন।
নগরকান্দা উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, “জায়গাটি চাঁদহাট আশ্রয়ণ প্রকল্পের হলেও, সরকার যেহেতু আবু মাতুব্বর ও আওয়াল মাতুব্বরের নামে লিজ দিয়েছে এখন আমার কিছু করার নেই।”
তিনি বলেন, “তাদের নামে লিজ দেওয়ার সময় আমি এ উপজেলাতে ছিলাম না। কীভাবে লিজ হলো তাও আমার জানা নেই।”
