ছিটমহলে খুন: বুধবার লাশ যাচ্ছে ভারতে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় ছিটমহলে খুন হওয়া এক নারীর লাশ ময়নাতদন্তের জন্য বুধবার ভারতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে অবস্থিত ভারতীয় ১৬ নং ভোটবাড়ী ছিটমহলের বাসিন্দা রুবেল হেসেনের স্ত্রী সেলিনা বেগম (২৫) খুন হন।
এরপর থেকে নানা ঘটনার মধ্য দিয়ে তার লাশ লালমনিরহাট সদর হাসপাতালের হিমঘরে রয়েছে।
পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান জানান, গত ২৭ সেপ্টম্বর রাত ২টায় নিজঘরে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় সেলিনা বেগমকে। এরপর তার দুই ছেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সেলিনার লাশ দেখেন। তার তলপেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।
কিন্তু ঘটনাস্থল ভারতীয় ছিটমহল হওয়ায় সেখানে বাংলাদেশের পুলিশ কিংবা বিজিবি যায়নি। প্রায় ১৬ ঘণ্টা ওই বাড়িতেই সেলিনার লাশ পড়ে ছিল।
পরে ওইদিনই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়, কিন্তু তাতে কোনো সিদ্ধান্ত না হওয়ায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা লাশটি পাটগ্রাম থানায় নিয়ে আসে।
ওসি বলেন, তখন থানা পুলিশ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হককে উপস্থিত রেখে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
“কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ এতে আপত্তি জানালে ময়নাতদন্ত স্থগিত রেখে লাশ হিমঘরে রাখা হয়। এরপর এ নিয়ে দুদেশের মধ্যে আলাপ-আলোচনা চলতে থাকে।”
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল আলম শফি জানান, ভারতের দাবির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেলিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের হিমঘর থেকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত হয়।
এরই প্রেক্ষিতে বুধবার সকালে পাটগ্রাম থানা পুলিশ সেলিনার লাশ কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করবে। লাশের ময়নাতদন্ত শেষে ওইদিনই লাশ ফের নিহতের পরিবারের কাছে ফেরত দেওয়ার কথা রয়েছে।
পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান বলেন, সেলিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ভারতে পাঠানো হবে। এ সময় ভারতীয় কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ১৬ নং ভোটবাড়ী ছিটমহলের ঘটনাস্থল পরিদর্শন করারও কথা রয়েছে।
