২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোবাইল ছিল এক আজিব জিনিস’

“তখন মোবাইল ছিল এক আজিব জিনিস। মানুষ বিশ্বাস করতে চাইত না, কেমনে এতো দূরে কথা বলা যায়।”

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

প্রায় দেড় যুগ আগে মোবাইল ফোন নামের বিনাতারের যন্ত্রটি যখন সবেমাত্র সাধারণ মানুষের হাতে আসতে শুরু করেছে, সেসব দিনে গ্রাম বাংলার মানুষের বিস্ময়ের কথা এভাবেই তুলে ধরলেন গ্রামীণ ফোনের প্রথম গ্রাহক লাইলী বেগম।    

দেশের প্রথম অপারেটর হিসাবে পাঁচ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছে লাইলী বেগমের সঙ্গে পাঁচ কোটিতম গ্রাহক আরিফিন সিদ্দিক আরিফকে মঙ্গলবার এক মঞ্চে নিয়ে এসেছিল গ্রামীণফোন।

তাদের হাতে বিশেষ স্মৃতি স্মারক তুলে দিয়ে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, তারা গ্রাহকদের সঙ্গেই আছেন।

ঢাকার খিলক্ষেত পাতিরা এলাকার বাসিন্দা লাইলী ১৯৯৭ সালের ১৮ মার্চ গ্রামীণফোনের তখনকার প্রকল্প পল্লী ফোন থেকে ১২ হাজার টাকায় একটি মোবাইল ফোন কেনেন। এলাকায় শুরু করেন মোবাইল ফোনের ব্যবসা।

সেইসব দিনের কথা মনে করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফোন যখন নিয়েছিলাম তখন আমার এলাকায় আর কারো কাছে মোবাইল ফোন ছিল না, সবাই দেখতে আসত। ০১৭১১****০০ নম্বরটা এখনো ব্যবহার করছি।”

লাইলী জানান, স্থানীয় এক লোক তার মোবাইল ফোন থেকে সৌদি আরবে কথা বলতেন। তিনি একাই মাসে প্রায় ১০ হাজার টাকার বেশি বিল দিতেন।

“শুরুতে কেউ বিশ্বাসই করতে চাইত না যে এই ফোনে বিদেশে কথা বলা যায়। তবে যখন কথা শুরু করত তখন আর থামতে চাইত না।”

লাইলী বেগমের স্বামী আতিকুর রহমান বলেন, প্রথম দিকে লোকজন বিশ্বাসই করতে চাইত না যে তার ছাড়া এই ফোন দিয়ে পৃথিবীর এ মাথা থেকে ও মাথায় কথা বলা যায়। তবে এর ব্যবহার আর সুবিধা বোঝার পর তাদের ফোন দিয়ে কথা বলার লোক বাড়তে থাকে।

লাইলী আর তার স্বামী এখন ব্যবহার করেন স্মার্টফোন, তাতে ইন্টারনেটও ব্যবহার করেন। মোবাইল ফোন এখন বাংলাদেশের মানুষের কাছে জীবনেরই অংশ।  

গ্রামীণফোনের পাঁচ কোটিতম গ্রাহক আরিফ জানান, নারায়ণগঞ্জের স্থানীয় বাজার থেকে সিম কেনার পর ‘সুখবরটা’ পান তিনি।

“গ্রামীণফোন থেকে যোগাযোগ করে আমাকে বলা হলো- আমিই তাদের পাঁচ কোটিতম গ্রাহক। সেজন্য নিজেকে ভাগ্যবান মনে করছি।”

১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করা গ্রামীণফোন এখন দেশের সবচেয়ে বড় এবং বিস্তৃত মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করছে।

বর্তমানে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় ৪২ শতাংশ।