নিউজার্সিতে সরকারি খরচে হচ্ছে শহীদ মিনার
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে প্রথমবারের মতো স্থানীয় সরকারের তত্ত্বাবধানে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে।
গত ১২ অক্টোবর বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন সিটিতে ‘জেএফকে হাই স্কুল’সংলগ্ন পার্কে শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধন করেন সিটি মেয়র হোযে টরেস।
এসময় মেয়র টরেস বলেন, “প্যাটারসন সিটির একটি ঐতিহ্য রয়েছে এবং সে অনুযায়ী আমরা শহীদ মিনার নির্মাণে আগ্রহী হয়েছি। এর আগে আমরা এই সিটিতে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছি।
“একইভাবে এখন থেকে ২১ ফেব্রুয়ারি ভোরে সিটি প্রশাসনসহ আমি শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবো।”
নিউজার্সির সরকারি জায়গায় দেড় লাখ মার্কিন ডলার ব্যয়ে শহীদ মিনারটি নির্মাণ করবে নিউজার্সির কম্যুনিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান ও নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ও প্রবাসী বিজ্ঞানী নূরন্নবী।
নূরন্নবী বলেন, এর আগে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কেনা ভূমিতে এবং প্রবাসীদের দেওয়া অর্থে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। কিন্তু প্যাটারসনের এই শহীদ মিনারের জায়গা দিলো সিটি প্রশাসন এবং অর্থ দিয়েছে প্যাসেইক কাউন্টি প্রশাসন।
নতুন প্রজন্মের পেশাজীবী-বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্ল্ড গ্ল্যাম’ এই শহীদ মিনার নির্মাণের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে বিশ্বের কাছে সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করার জন্য সংগঠনটির সভাপতি মোহাম্মদ আই আহমেদ ও সম্পাদক আজিজুর রহমানকে ধন্যবাদ জানানো হয়।
