২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 11:53 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

মঙ্গলবার ভোররাতে উপজেলার কাইচ্চাগড় এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি  মোহসিন-উল-কাদির জানান।

নিহত জোহরা বেগম (৩২) উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর (বড়পানি) গ্রামের মৃত আব্দুল বারেকের মেয়ে। তার স্বামী আবুল হাসেম (৪৪) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই দম্পতির চার ছেলে-মেয়ে রয়েছে।

ওসি  মোহসিন বলেন, “ভোররাত রাত ৩টার দিকে হাসেম নিজেদের ঘরে ঘুমন্ত স্ত্রী সোহাগীকে গলা টিপে হত্যার চেষ্টা করে। এসময় স্ত্রী বাধা দিলে তাকে ছুরি দিয়ে আঘাত করলে তার ঠোট ও বুকে জখম হয়। এরপর হাশেমও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

“এসময় পাশের কক্ষে থাকা ছেলে-মেয়েরা জেগে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে স্বামী-স্ত্রীকে রাত সোয়া ৪টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন। আর হাসেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মমতা ফারজানা বলেন, সোহাগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।