রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান স্পিকারের
নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর কমিটিতে আরও বেশি নারী প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ‘মিটিং অফ উইমেন পার্লামেন্টারিয়ান’ শীর্ষক এক অনুষ্ঠানে স্পিকার বলেন, “সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিতে আরও বেশি নারী সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে।
“এছাড়া রাজনৈতিক দলের সংসদীয় বোর্ডে সমসংখ্যক নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে স্পিকার বলেন, “নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিতকরণে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং বিভিন্ন স্তরের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সকল বাধা দূর করতে হবে।”
বাংলাদেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “সংসদে প্রতিনিধিত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের সুযোগ প্রদানের জন্য বিশেষ সুবিধা সংরক্ষণ করতে হবে। ”
শিরীন শারমিন বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য ৫০ টি আসন সংরক্ষিত রয়েছে যারা সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
“এছাড়া ২০ জন নারী সংসদ সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। বাংলদেশ জাতীয় সংসদে সংসদ নেতা, স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং সংসদ উপনেতা হচ্ছেন নারী।”
