নীলফামারীতে যৌন হয়রানির অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
নীলফামারীর ডিমলা উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে অপহরণের চেষ্টার সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার রাতে ডিমলার শোভাহানগঞ্জের গুচ্ছগ্রাম এলাকায় ওই নারীকে অপহরণের চেষ্টার সময় ধাওয়া দিয়ে এই দুজনকে আটক করে এলাকাবাসী, যাদেরকে রোববার ওই নারীর করা মামলায় আসামি করা হয়েছে।
ডিমলা থানার ওসি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় ওই নারী পোশাক শ্রমিক ডোমার উপজেলার গোমনাতী বাজারের এক আত্মীয়ের বাড়ি থেকে রিকশা ভ্যানে করে ডিমলায় নিজবাড়িতে ফিরছিলেন। এসময় তিনটি মোটরসাইকেল নিয়ে সাত যুবক তার পিছু নেয়। রাত ৮টার দিকে শোভাহানগঞ্জের গুচ্ছগ্রামে পৌঁছালে যুবকরা তার পথরোধ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করে হান্নান ও তরিকুলকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এঘটনায় রোববার বিকালে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে ওই দুজনসহ সাত জনকে আসামি করে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন।
অন্য আসারিরা হলেন- গোমনাতী গ্রামের ময়নুল ইসলাম (২৩), জসিম উদ্দিন (২৫), জয়নাল (২৫), বেলাল (২৮) ও বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা গ্রামের রতন রায় (২৮)।
ওসি শওকত জানান, আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
