ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট বন্ধ
নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে বয়লারের ত্রুটি ধরা পড়লেও এতে কেউ হতাহত হয়নি।
ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) সুভাষ চন্দ্র দাস জানান, সকালে বয়লার লিকেজ হওয়ায় এখন বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আগামীকাল বয়লারটি মেরামত কাজ শুরু হবে।
তিনি আরো জানান, কেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে বর্তমানে চারটি ইউনিট চালু রয়েছে। এদের মধ্যে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট থেকে ৪৫ মেঘাওয়াট, ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে যথাক্রমে ২০, ১৮০ ও ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
সর্বশেষ বন্ধ হওয়া ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি আবার বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলেও জানান তিনি।
