২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাদপড়াদের ভোটার হওয়ার সুযোগ

ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের সময় বাদ পড়া যোগ্য ব্যক্তিদের ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

নির্বাচন কমিশন (ইসি) রোববার জানিয়েছে, সংলগ্ন নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

ঢাকা মহানগরীতে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ চলে। এর আগে গত ১৫ মে থেকে তিনটি ধাপে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়।

তৃতীয় ধাপে ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ছবি তোলা ও রেজিস্টেশন কাজ চলছে। ১৫ নভেম্বর হালনাগাদের কাজ শেষ হবে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ঢাকা মহানগরীতের ভোটার তলিকা হালনাগাদের লক্ষ্যে রেজিস্ট্রশন কেন্দ্রগুলোয় ছবি তোলা ও রেজিস্ট্রশন কার্যক্রম চলছে। যারা ভোটার নিবন্ধনের জন্য ফরম পূরণ করেছেন তাদের নির্ধারিত দিনে ও রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে ছবি তুলে নিবন্ধিত হতে হবে।

“যারা ভোটার হওয়ার যোগ্য কিন্তু তথ্য সংগ্রহের সময় বাদ পড়েছেন; তারা প্রয়োজনীয় দলিলাদিসহ সংশ্লিষ্ট এলাকার নিবন্ধন কেন্দ্রে গিয়ে সরাসরি দুই নম্বর ফরম পূরণ করে ভোটার হতে পারবেন।”

ভোটার হওয়ার জন্য এসএসসি সনদ, জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, বাবা-মায়ের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা আইডি নম্বর ও  ইউটিলিটি বিল ইত্যদির কপিসহ নিবন্ধন কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ জানান এই কর্মকর্তা।

বিশেষ এলাকায় স্থানান্তর হতে বিশেষ ফরম পূরণ

বাংলাদেশের অন্য এলাকা থেকে ‘রোহিঙ্গা অধ্যুষিত বিবেচিত’ বিশেষ এলাকায় ভোটার স্থানান্তর করতে চাইলে সংশ্লিষ্টদের বিশেষ ফরম পূরণের নির্দেশনা দিয়েছে ইসি।

রোববার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা বান্দরবান, কক্সবাজার ও রাঙামাটির ১৪ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বিশেষ এলাকায় ভোটার স্থানান্তরকারীদের বিশেষ ফরম পূরণের পাশাপাশি তা যাচাই-বাছাই করে স্থানান্তর করতে হবে। 

পুরনো খবর:

ঢাকায় নারী ভোটার বেড়েছে
রোহিঙ্গা ঠেকাতে থাকছে বিশেষ ফরম