চাঁদপুরে ৪৬ জেলেকে সাজা
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৪৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান জানান, অভিযানকালে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫০ কেজি ইলিশ আটক করা হয়।
আটক জাল শুক্রবার সকালে শহরের ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী জানান, আটককৃত ৪৬ জেলেকে তার আদালতে হাজির করে কোস্টগার্ড। অপরাধের মাত্রা বিবেচনায় তিনি ৩২ জনকে ছয় মাস, নয় জনকে সাত মাসের এবং অন্যদের ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।
প্রজনন মৌসুমে দেশে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
