২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর খবরে ফের সংঘর্ষ শৈলকুপায়

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষের তিনদিন পর আহত আরেকজনের মৃত্যুর খবরে শুক্রবার এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা।  

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 03:29 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার সকালে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনসের বিশ্বাসের।

মঙ্গলবার শৈলকুপার রত্নাট ও আলফাপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে তিনি আহত হয়ছিলেন। ওইদিনও সংঘর্ষে আলম সরদার নামে একজন নিহত হয়েছিলেন।

শৈলকুপা থানার এসআই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া ইউনিয়নের রত্নাট ও আলফাপুর গ্রামে দুদলের সংঘর্ষে মনসের বিশ্বাস গুরুতর আহত হন।

তাকে প্রথমে  ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই মিজান জানান, মনসেরের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছুলে রত্নাট, বগুড়া ও আলফাপুর গ্রামে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সাতটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।

পরে শৈলকুপা সদর থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় তিনটি গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দফায় দফায় দুদল গ্রামবাসির সংঘর্ষ চলে।  এতে রত্নাট গ্রামের আলম সরদার আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে মারা যান। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। ৪০টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।