২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল আটকে পশুর হাটে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে হাসপাতাল আটকে কোরবানির পশুর হাট বসানোয় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই সিদ্ধান্তের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

ঢাকা উত্তর সিটির দায়িত্বে থাকা অনির্বাচিত এই ব্যক্তিকে ‘ক্রিমিনাল’ ও ‘কাণ্ডজ্ঞানহীন’ অভিহিত করে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

নাসিম বলেন, “উত্তরের প্রশাসক একজন ক্রিমিনাল, তিনি ক্রিমিনাল অফেন্স করেছেন। তার মতো দায়িত্বহীন কোনও ব্যক্তি প্রশাসনে থাকতে পারে না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে।

“সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসকের মতো কাণ্ডজ্ঞানহীন কেউ যেন দায়িত্বে না থাকে সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি।”

শেরেবাংলা নগর এলাকায় পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে গত ৩ অগাস্ট চিঠি দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিন্তু তারপরও ওই এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পশুর হাট ইজারা দেওয়ায় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে।

এছাড়া ওই এলাকায় থাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) রোগীর স্বজনদেরও ভোগান্তিতে পড়তে হয়।

সংবাদ সম্মেলনে সবার ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

“হাসপাতালের সামনে হাট বসানোয় মানুষকে যে  দুর্ভোগ পোহাতে হয়েছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে সবার কাছে দুঃখ প্রকাশ করছি।”

“আমি দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দেশের কোথাও হাসপাতালে যাওয়া-আসার পথ বন্ধ করে হাট বসতে দেওয়া হবে না। প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব।”

আগারগাঁও হাটের ইজারা নেওয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কেন ইজারা দেওয়া হল সেটাই মূল বিষয়। তবে হাট বসানোও অন্যায় হয়েছে।”

হাসপাতাল এলাকায় গড়ে উঠা কোরবানির হাট ঘিরে প্রথম থেকেই চলছে নানা সমালোচনা। এই হাটের ইজারাদার যুবলীগ নেতা জাহিদও স্বীকার করেছেন হাসপাতালের সামনে হাট বসানোয় রোগীদের দুর্ভোগের বিষয়টি।

কেনা-বেচার মধ্যেই তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, “এখানে হাট বসানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। হাসপাতাল ঘিরে রোগী আনা-নেওয়ার কথা চিন্তা করেই আগামীতে যেন এখানে হাট না বসে সে ব্যাপারে চেষ্টা চালাব।”

স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঢাকা শহরে জায়গা থাকা সত্ত্বেও কেন হাসপাতালের সামনে হাট বসিয়ে রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, রোগ সংক্রামিত করা হয়েছে, মানুষকে জিম্মি করে কেন ব্যবসা করতে হবে?”

স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার পরও হাসপাতালের সামনে হাট বসার ঘটনা সরকারের মধ্যে সমন্বয়হীনতার কারণে হয়েছে কি না- এই প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য তা স্বীকার করেননি।

নাসিম বলেন, “সরকারের মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই, ভবিষ্যতে যেন এ ধরনের কোনও ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।”