গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে খুন
গাজীপুর নগরীতে দিনে-দুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, বুধবার বেলা আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের উত্তর বিলাসপুরে খুন হন বিল্লাল হোসেন (২৪)।
বিল্লাল পশ্চিম বিলাসপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। বাবা-ছেলে চা বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।
এক সপ্তাহ আগে বগুড়া শহরেও এক ব্যক্তিকে জবাই করে দুর্বৃত্তরা।
উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, বিল্লাল দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে উত্তর বিলাসপুর যাওয়ার পথে আক্রান্ত হন।
“কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বিল্লালের দুই হাতের কনুইয়ের উপরে, কোমরে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বলে জানান এসআই হাসান।
নিহতের বাবা আব্দুল খালেক জানান, কারা, কেন তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তা তার জানা নেই।
গত ২ অক্টোবর বেলা ৩টার দিকে বগুড়া শহরের ব্যস্ত এলাকা রাজাবাজারে জিয়াউল হক জিয়া ওরফে জেলহজ (৪২) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করে একদল যুবক।
