বাগেরহাটে দুই লাশের পরিচয় মিলেছে
বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামে কলাবাগানে মাটিচাপা দেয়া দুই লাশের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের ছোমেদ হাওলাদারের ছেলে মজিবর রহমান হাওলাদার (৫৫) এবং পটুয়াখালী সদরের পশ্চিম আউলিয়াপুর গ্রামের হাতেম আলী হাওলাদরের ছেলে সোবাহান হাওলাদার (৩৫)।
শরণখোলা থানার ওসি কাজী আব্দুস সালেক জানান, বিভিন্ন গণমাধ্যমে খবর দেখে নিহতদের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে দুই মরদেহের ময়নাতদন্ত হয়েছে।
এদিকে এই ঘটনায় শরণখোলা থানার এসআই আবুল বাশার একটি হত্যা মামলা করেছেন।
মঙ্গলবার দুপুরে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবিলের বাড়ির পেছনের কলাবাগানে মাটিচাপা দেয়া ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি সালেক বলেন, “দুইজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”
বাড়ির মালিক হাবিলকে ধরতে পারলে আসল ঘটনা জানা যাবে বলে মনে করেন ওসি।
সোবাহানের ছেলে নাসির হওলাদার জানান, তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে পটুয়াখালী শহরে থাকতেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পটুয়াখালী সদর থানায় গত ২৮ তারিখ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলেও তিনি জানান।
মজিবরের ছেলে ছেলে মনির হাওলাদার জানান, আট বছর আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর তারা কোথায় থাকতেন তিনি জানেন না।
