২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকে চুরি: না’গঞ্জে আটক ২

জয়পুহাটে ব্র্যাক ব্যাংকের দেয়াল ভেঙে ভল্ট থেকে প্রায় দুই কোটি টাকা চুরির ঘটনায় জড়িত অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আরো দুইজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান, বুধবার ভোরে ফতুল্লার পিলকুনি এলাকার নাজির মিয়ার বাড়ির ভাড়াটে বাবুল দাস ও উত্তম মল্লিককে আটক করা হয়।

আটকদের টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এ নিয়ে এ ঘটনায় চারজনকে আটক করা হলো। এর আগে ঘটনার পর ব্যাংটির জয়পুরহাট শহরের ওই শাখার নিরাপত্তারক্ষী ফারুক হোসেন ও হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

গত ২৬ সেপ্টেম্বর রাতে জয়পুরহাট শহরের প্রধান সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বেসরকারি ব্র্যাক ব্যাংকের শাখা থেকে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি হয়।

সকালে অফিস খুলে দেয়াল ভাঙা দেখে ব্যাংকের কর্মচারীরা পুলিশে খবর দেন।

চুরির আগে ভবনের বিদ্যুৎ সংযোগ ও ভল্টরুমের সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।

পুরনো খবর:

ব্যাংকে নিরাপত্তা বাড়াতে পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের
জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকে চুরি: তদন্ত কমিটি গঠন
দেয়াল ভেঙে ব্র্যাক ব্যাংকের কোটি টাকা চুরি