২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল মাঠে চল্লিশোর্ধ্ব ২২ জন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন চল্লিশোর্ধ্ব বয়সী ২২ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 04:27 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

ঈদ উল আজহা উপলক্ষে মঙ্গলবার বিকালে হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় পল্লী বন্ধু সংসদ এ প্রতিযোগিতার আয়োজন করে।

এতে অংশগ্রহণ করে পশ্চিম হাত্রাপাড়া একাদশ ও পাতুয়াইর একাদশ।

আয়োজকরা জানান, সিদ্ধান্ত অনুযায়ী খেলায় অংশগ্রহণকারীদের সর্বনিম্ন বয়স নির্ধারিত ছিল ৪০ বছর। ফলে চল্লিশ থেকে সত্তরে কাছাকাছি বয়সী অনেক খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন।

এদের মধ্যে অনেকেই আছেন যারা তরুণ অবস্থায় নিয়মিত খেলোয়াড় ছিলেন। বহু বছর পর সুযোগ পেয়ে যেন তারা ফিরে যান অতীতের খেলার সেই স্মৃতিময় দিনগুলোতে।

এক ঘণ্টার খেলার পুরো সময়ই তারা মাঠে প্রাণপণ লড়াই করেছেন প্রতিপক্ষকে হারাতে।

প্রীতি ম্যাচ হলেও পুরো কেলা ছিল প্রতিদ্বন্দ্বিতায় পরিপূর্ণ।

খেলার প্রথমার্ধের মাঝামাঝি সময়ে একটি ফাউল থেকে পেনাল্টি পায় পশ্চিম হাত্রাপাড়া একাদশ। এ থেকে একমাত্র গোলেই নির্ধারিত হয় খেলার ভাগ্য।

খেলাটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এরশাদ উদ্দিন।

পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি এরশাদ উদ্দিন আহমেদ।

ব্যতিক্রমী এ আয়োজনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় পুরো এলাকায়। আকর্ষণীয় এ খেলাটি দেখতে ভীড় জমান হাজার হাজার গ্রামবাসী, দূর-দূরান্ত থেকেও আসেন অনেকে। বিশেষ করে মাঠে দর্শক হিসেবে সকল বয়সী নারীদেরও বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়।

খেলার আয়োজক কমিটির সভাপতি আব্দুর রশীদ খান বলেন, “ব্যতিক্রমী এই আয়োজনে পুরো এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখে আমি অভিভূত। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করব।”

ঢাকা প্রথম বিভাগে খেলতেন এক সময়ের কৃতি ফুটবলার ছন্দু মিয়া (৬৫)।

তিনি বলেন, “বহু বছর পর মাঠে নেমে মনে হয়েছে যেন হারানো দিনে ফিরে গিয়েছি।”

একই রকম অনুভুতি প্রকাশ করে নিজেদের আবেগের কথা জানিয়েছেন, সাবেক ফুটবলার আব্দুল কুদ্দুছ (৭০), ফারুক মিয়া (৬০) ও মুজিবুর রহমান (৫৫)।