সংসদ সদস্য ইসহাকের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে তাড়াশ ঈদগাহ মাঠে প্রথম এবং জোহরের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি বাকাই সরকারী বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে বেলা পৌনে ৩টায় ‘বাকাই সামাজিক কবরস্থানে’ তাকে সমাধিস্থ করা হয়।
সোমবার ঈদের দিন গাজী ইসহাক রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই গ্রামে নিজের বাড়িতেই ছিলেন। সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বগুড়া নেয়ার পথে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক ১৯৮৬, ২০০৭ ও ২০১০ সালে তিন দফা রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
১৯৫০ সালের ১৮ জুন সিরাজগঞ্জে জন্ম নেওয়া ইসহাক স্ত্রী, দুই ছেলে ও নাতী-নাতনী রেখে গেছেন।
দুই জানাজার আগেই ইসহাকের কফিনে সব শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় মরহুমের কফিনে প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন, সাংবাদিক ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানান।
ফুলেল শ্রদ্ধা জানানোর পরপরই দুই জানাজাস্থলেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাকাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেয়ার পর জানাজায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জয়পুরহাটের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত আসনের নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, উল্লাপাড়ার আওয়ামী লীগ সমর্থিত সাবেক এমপি গাজী শফিকুল ইসলাম শফি অংশ নেন।
এছাড়াও দ্বিতীয় জানাজায় রায়গঞ্জ-তাড়াশের বিএনপি দলীয় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম শরিফ অংশ নেন।
দ্বিতীয় জানাজার পরই রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওনার দেয়া হয়।
এর আগে সকালে তাড়াশ ঈদগাহ মাঠে প্রথম জানাজার আগে সমাবেশে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম ও নাটোরের গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন হাবিব, তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হক, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কৃষিবিদ সাকোওয়াত হোসেন সুইট ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত বক্তব্য দেন।
