বদনাম ঘুচেছে, অগ্রযাত্রা ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক অগ্রগতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে ‘ধ্বংসাত্মক’ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতা-কর্মী, বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি; আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ আজকে একটা মর্যাদার আসন পেয়েছে। বাংলাদেশ আজকে আর জঙ্গিবাদ, দুর্নীতির দেশ না; যে দুর্নামটা বিএনপি সরকার ক্ষমতায় থাকতে দিয়েছিল।
“বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, শান্তির দেশ, বিশ্বে বাংলাদেশ ও বাঙালি জাতির ভাবমূর্তি উজ্জল হয়েছে এবং এ ধারা অব্যাহত রাখতে চাই।”
প্রধানমন্ত্রী এসময় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংলাপে বসতে সরকারকে ‘বাধ্য’ করার খালেদা জিয়ার হুমকি সম্পর্কে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, “কে কোথায় বাধ্য হয় সেটা সময়ই বলে দেবে। যে হারে দুর্নীতি করে, জঙ্গিবাদ সৃষ্টি করে, সন্ত্রাস করে বাংলাদেশকে একেবারে রসাতলে নিয়ে যাচ্ছিল। ২০০৯ এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে।
“আজকে বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে, মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে, মানুষ আত্মবিশ্বাস পাচ্ছে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, প্রত্যেকটা দ্রব্যের মূল্য মানুষের ক্ষয়ক্ষমতার মধ্যে রয়েছে। যেসব এলাকায় মঙ্গা ছিল, দুর্ভিক্ষ ছিল সেসব এলাকায় মঙ্গা নাই, দুর্ভিক্ষ নাই।”
শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রী তো বিরোধীদলের নেতাও নেই, কিছুই নেই। উনি একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আছেন। রাজনীতিতে যে ভুল করেছেন সে ভুলের খেসারত তো তাকে দিতেই হবে। তবে তাদের কারণে যেন দেশবাসীর কষ্ট না হয়।”
“তাদের আন্দোলন মানে মানুষ খুন করা, আগুনে মানুষ পোড়ানো। বিএনপি-জামাতের আন্দোলন মানে কোরআন শরীফ পোড়ানো, মসজিদে আগুন দেয়া, গাছ কেটে ফেলা, রাস্তাঘাট কাটা, রেললাইন উপড়ে ফেলা, লঞ্চে আগুন দেয়া। এই ধরনের ধ্বংসাত্মক কাজ যেন আর না করে। আমি আশা করবো এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবেন।”
এরপর একে একে সহযোগী সংগঠনের নেতাকর্মী, আমন্ত্রিত অতিথি, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং সাংবাদিক, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ভারত, জাপান, সৌদি আরব, কুয়েত, জার্মানি, কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, পাকিস্তান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত হন।
ব্যবসায়ীদের মধ্যে এফবিসিসিআই, বিজিএমইএ ও এক্সপোটার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
অতিথিদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, “আমরা সরকার গঠন করার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি, ঈদসহ যে কোন ধর্মের যে কোন উৎসব, পহেলা বৈশাখসহ সব কিছু যেন সুষ্ঠুভাবে হয়। এবারে একদিকে ঈদ, অন্যদিকে দুর্গাপূজা সব কিছুই সুষ্ঠুভাবে হয়েছে।”
এজন্য দেশবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এবারের ঈদে লক্ষ্যনীয় যে, জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। একটা জিনিস প্রতীয়মান যে, মানুষের আর্থ-সামাজিক উন্নতি হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে এবং উৎসব ও বিভিন্ন পর্ব মানুষ খুবই আনন্দের সঙ্গে উদযাপন করছে। কাজেই এবার ঈদ অত্যন্ত সুষ্ঠুভাবে পালিত হয়েছে।”
এসময় বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য স্থান থেকে যারা হজে গেছেন তাদের সবাইকে ‘মোবারকবাদ’ জানান প্রধানমন্ত্রী।
ঈদের ছুটি শেষে সবাই সুস্থভাবে বাড়ি থেকে ফিরে কাজ যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
এক সাংবাদিক সংলাপের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, “উনাদেরই তো তালের ঠিক নাই, কথার ঠিক নাই। ফোন করলে কথা বলেন না, আবার এখন বলে বসতে হবে। দাওয়াত দিলে আসবেন না আবার বলে কথা বলতে হবে। সবসময়ই যেন মনে হচ্ছে যে, মানসিক অশান্তিতে ভুগছেন, কখন কি বলছেন তার কোন ঠিক ঠিকানা নাই।”
সরকার উৎখাতের ‘ষড়যন্ত্র’ খবর নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “ভীত হবার তো কোন কারণ দেখি না। আর ভীত হলে তো রাজনীতিতে আসতাম না। যে কোনো চ্যালেঞ্জ আসলে তা মোকাবিলা করার মত ক্ষমতা আমরা রাখি।”
