চামড়া কিনতে ‘ফড়িয়ারা’ পাড়া-মহল্লায়
রাজধানী ও এর আশপাশের এলাকায় কোরবানির পশুর চামড়া কিনতে পাড়া-মহল্লায় ঘুরছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাদের একটি বড় অংশ কোরবানির ঈদ ঘিরেই এই ব্যবসায় যুক্ত হয়েছেন।
ফড়িয়া ও মৌসুমি এই দুই প্রকারের ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত ঘুরেই পশুর চামড়া যাবে ট্যানারিগুলোতে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবার ঈদের তিনদিনে ঢাকায় প্রায় ১২ থেকে ১৪ লাখ এবং সারাদেশে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ গরু জবাই হবে।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনর সাধারণ সম্পাদক টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকেই ফড়িয়ারা এলাকায় এলাকায় ঘুরে চামড়া কিনতে শুরু করেছেন। পোস্তায় প্রায় সাড়ে পাঁচশ ফড়িয়া আছেন।
“এই ফড়িয়ারা ছাড়াও মৌসুমি ব্যবসায়ী রয়েছেন, যারা এলাকায় মহল্লায় চামড়া সংগ্রহ করে ফড়িয়াদের কাছে বিক্রি করেন। ফড়িয়ারা সেই চামড়া সংগ্রহ করে ব্যাপারীদের কাছে বিক্রি করেন। ব্যাপারীরা সেই চামড়া লবণ দিয়ে পোস্তায় গুদামে সংরক্ষণ করেন এবং পরে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন।”
তবে অনেক ফড়িয়া নিজেরাই গুদামে লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণ করে পরে সুযোগ বুঝে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন।
ট্যানারি মালিকরা সারা বছরই কম-বেশি চামড়া সংগ্রহ করলেও কোরবানির ঈদেই একসঙ্গে সবচেয়ে বেশি চামড়া কেনার সুযোগ হয় তাদের। সারা বছর দেশে যে পরিমাণ কাঁচা চামড়া প্রক্রিয়াজাত হয়, তার ৪৮ শতাংশই সংগ্রহ করা হয় এ মৌসুমে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর রাজধানীতে সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া তারা কিনবেন ৭০-৭৫ টাকায়। ঢাকার বাইরে এর দাম হবে ৬০-৬৫ টাকা।
এছাড়া প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়া ২৫ থেকে ৩০ টাকায় সংগ্রহ করা হবে।
গত বছর সরকার নির্ধারিত দাম অনুযায়ী ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কেনেন ৮৫-৯০ টাকায়। আর ঢাকার বাইরে তা কেনা হয় ৭৫-৮০ টাকায়।
সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম গত বছর ছিল ৫০-৫৫ টাকা। বকরির চামড়া ৪০-৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০-৪৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল।
ঈদের দিন সকাল থেকেই কেরানীগঞ্জ এলাকায় রহিম, আব্দুল, আউয়াল এবং সাজু নামের চার মৌসুমি ব্যবসায়ী চামড়া কেনায় ব্যস্ত সময় কাটান। তাদের বাড়ি ওই এলাকারই কালিন্দি গ্রামে। বছরের অন্যসময়ে এই চারজন জমি কেনাবেচা করেন।
সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রায় দশ লাখ টাকা নিয়ে এই ব্যবসায় নেমেছি। প্রতিবছর এভাবে চামড়া সংগ্রহ করে ‘বস’ জুয়েলের (ফড়িয়া) কাছে বিক্রি করি।”
ফড়িয়া জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের তত জনবল নেই যে, পুরো ঢাকা ও আশপাশের থানাগুলোতে লোক পাঠিয়ে চামড়া সংগ্রহ করবো। তাই আমাদের মৌসুমি ব্যবসায়ীদের ওপরই নির্ভর করতে হয়।”
কী দামে চামড়া কিনছেন জানতে চাইলে তিনি বলেন, “সরকার নির্ধারিত দামের নিচেই আমাদের চামড়া কিনতে হবে। কারণ ওই দামে ট্যানারি মালিকরা কিনবেন। তবে সবাই সরকার নির্ধারিত দামেই বেচতে চায়। তারা এটা বুঝতে চায় না যে, এই দামটি ট্যানারি মালিকদের এবং লবণযুক্ত চামড়ার।”
পুরান ঢাকার নয়াবাজার ও রহমতগঞ্জ এলাকার ফড়িয়া জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “আমার মতো সব ক্ষুদ্র ব্যবসায়ীই ঈদের নামাজের পরপরই পাড়া মহল্লায় নেমে পড়েছেন। অনেক ব্যবসায়ী আছেন যারা গরু জবাইয়ের আগেই চামড়ার দাম দিয়ে দেন। তাই আমাদের সকাল সকাল নামতে হয়।”
সকাল ১০টার দিকে কামরাঙ্গীর চরের মাদবর বাজারে বদরুজ্জামান বদু নামে একজন মৌসুমি ব্যবসায়ী দেখা গেল দুই হাজার ৬০০ টাকা দিয়ে একটি গরুর চামড়া কিনেছেন।
কিভাবে চামড়ার দাম নির্ধারণ করলেন জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা চামড়া (মৌসুমি ক্রেতা) ফুট মেপে কিনি না। গরুটির দাম ছিল ৬৩ হাজার টাকা। বিশ হাজার টাকা গরুর দাম হলে চামড়ার দাম হয় ৮০০ থেকে এক হাজার এবং চল্লিশ হাজার টাকা গরুর দাম হলে চামড়ার দাম ধরি এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা।
“এই অনুপাত ধরেই গরুটির চামড়ার জন্য দুই হাজার ৬০০ টাকা দিতে রাজি হয়েছি।”
এভাবে চামড়া কিনতে গিয়ে কোনও লোকসানে পড়তে হয় না বলেও তিনি জানান।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আফতাব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের সবচেয়ে বেশি গরু জবাই হয় ঢাকায়। এরপরেই চট্টগ্রাম ও সিলেটে। ঢাকার চামড়াগুলো ফড়িয়ারা কিনে পোস্তার বিভিন্ন গুদামে পাঠান।”
আফতাব জানান, পোস্তায় প্রায় আড়াইশ’ গুদাম রয়েছে। সেখানে তিন লাখ কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা যায়। এছাড়াও সাভারের আমিনবাজারের গুদামগুলোতেও প্রায় এক লাখ চামড়া সংরক্ষণ করা যায়।
তিনি বলেন, “ঢাকায় জবাই হওয়া বাকি পশুর চামড়াগুলো ট্যানারি মালিকরা নিজেদের ট্যানারিতেই সংরক্ষণ করে রাখেন। আর অনেক ব্যাপারী নিজ এলাকায় লবণ দিয়ে রেখে দেন। ঈদের দিন বিকাল থেকেই পোস্তায় কাঁচা চামড়াগুলো আনতে শুরু করে ব্যবসায়ীরা।”
এবার গরম পড়ায় ছয় থেকে সাত ঘণ্টার মধ্যে লবণ দেওয়ার ব্যবস্থা না করলে চামড়া নষ্ট হয়ে যাবে জানিয়ে এসময়ের মধ্যেই চামড়া পোস্তায় বা সংরক্ষণের জন্য গুদামে নিতে মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুরোধ জানান আফতাব।
তিনি বলেন, “মৌসুমি কসাইদের কারণে অনেক চামড়া নষ্ট হয়। তবে এবার গরমকে বেশি ভয় পাচ্ছি। একটু সময়ের হেরফের হলে চামড়াগুলো নষ্ট হয়ে যাবে।”
এদিকে চামড়াবহনকারী যানবাহন যাতে সহজেই পোস্তা ও হাজারিবাগ এলাকায় ঢুকতে এবং বেরোতে পারে সেজন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
